সংবাদ শিরোনাম

সচেতন তরুণই পারে ন্যায্যভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়ে তুলতে -কেসিসি প্রশাসক

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন   |   জাতীয়

সচেতন তরুণই পারে ন্যায্যভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়ে তুলতে -কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সচেতন তরুণই পারে ন্যায্যভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়ে তুলতে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নগরীর সিএসএস আভা সেন্টারে ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ আয়োজিত বার্ষিক শিশু ও যুব সম্মেলন–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। “তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, স্লাম এলাকায় অনেক শিশু পড়াশোনার বদলে কাজের দিকে ঝুঁকে পড়ে এবং অনেক সময় তাদের পরিবারও চায় সন্তান লেখাপড়ার পরিবর্তে আয় করুক। এসব শিশুদের বিদ্যালয়মুখী করতে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে।

কেসিসি প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও সবুজ শহর গড়ে তোলার পাশাপাশি ড্রেন নিয়মিত পরিষ্কার রাখা এবং ঝুলন্ত বৈদ্যুতিক তার মাটির নিচে স্থাপনের নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান, পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন, বেসরকারি সংস্থা রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন গুহ, যুব ফোরামের সহসভাপতি আফরোজা স্বর্ণা ও সেক্রেটারি খন্দকার ওয়ালিদ।

সম্মেলনে তরুণদের দায়িত্বশীল অনলাইন আচরণ, গণমাধ্যম সচেতনতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার বিষয়ে বিভিন্ন সেশনে আলোচনা করা হয়।