কেসিসিতে জ্বালানি সংকটে বর্জ্য অপসারণে বিঘ্ন
খুলনা ব্যুরো :
খুলনা নগরীতে জ্বালানি তেল সংকটের কারণে বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় বর্জ্যের স্তূপ জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) সূত্র জানায়, নগরীতে প্রতিদিন প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০ টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ৮০০ টন বর্জ্য ৪০টি ট্রাকের মাধ্যমে বিভিন্ন এসটিএস পয়েন্ট থেকে রাজবাধ ডাম্পিং গ্রাউন্ডে নেওয়া হয়। এ কাজে প্রতিদিন প্রায় এক হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় ২৫টির বেশি ভারী যন্ত্রপাতি ব্যবহৃত হয়।
বর্তমানে মশার প্রজনন মৌসুমে নগরীর ৩১টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এসব কাজেও অতিরিক্ত জ্বালানি প্রয়োজন হয়।
তবে গত কয়েকদিন ধরে কেসিসি স্থানীয় বিপিসি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখায় বর্জ্য পরিবহন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে নাগরিক সংগঠন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ এক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জ্বালানি তেল ক্রয় বন্ধের কারণ তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে।