জনগণের কল্যাণে কাজ করছে সরকার, আস্থা রাখুন --প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল, ১৪ ফাল্গুন (২৭ ফেব্রুয়ারি):
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশ পরিচালনায় আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন।
আজ টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে উদার ও ইতিবাচক ভূমিকা পালন করছে এবং এ ক্ষেত্রে কোনো ধরণের হস্তক্ষেপ নেই। তিনি বলেন, সাংবাদিকরা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।
প্রতিমন্ত্রী দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন।
সালাউদ্দিন টুকু আরো বলেন, গতকাল একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে সরকার। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তাৎক্ষণিক অর্থনৈতিক স্বস্তি পাবেন।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোর বাস্তবায়নে নিরলসভাবে কাজ চলছে। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা ও কৃষি সহায়তা জোরদারে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো বলেন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষিকে লাভজনক করতে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য ও সহনীয় মূল্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসন সমন্বিত কার্যক্রম শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক শরীফা হক ও টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এ সময় সাংবাদিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।