শিক্ষকদের প্রতি হুশিয়ারি--- অনুমতি ছাড়া অন্য পেশা নয়: শিক্ষামন্ত্রী

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন   |   জাতীয়

শিক্ষকদের প্রতি হুশিয়ারি---  অনুমতি ছাড়া অন্য পেশা নয়: শিক্ষামন্ত্রী

প্রতিদিনের দেশ ডেস্ক :

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারি অনুমতি ছাড়া কোনো শিক্ষক অন্য পেশায় যুক্ত থাকলে তা তদন্ত করে দেখা হবে এবং প্রমাণিত হলে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলা-এ নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা একটি দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পূর্ণ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের কাজে দেওয়া প্রয়োজন। বিধিমালা লঙ্ঘন করে অন্য পেশায় যুক্ত হওয়া শিক্ষা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি আরও জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, অবহেলা বা দুর্নীতির অভিযোগ পেলে তা যাচাই-বাছাই করে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয় বলেও তিনি উল্লেখ করেন।

পরে তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে স্থানীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।