সংবাদ শিরোনাম

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন   |   জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

বিশেষ প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ (বুধবার) ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে (শুক্রবার) ২ জানুয়ারি ২০২৬ পযন্ত তিন দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে। এছাড়া, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার জন্য আজ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফেরাত কামনায় আগামী শুক্রবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আজ সরকারি ছুটির অংশ হিসেবে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে।

তবে জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি ও গ্যাসসহ অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবাসহ এ সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতা বহির্ভূত থাকবে। এছাড়া, হাসপাতাল ও জরুরি সেবায়  নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এ ছুটির আওতার বাইরে থাকবে।