সংবাদ শিরোনাম

প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণ

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন   |   জাতীয়

প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণ

ডেস্ক রিপোর্ট: (ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫)

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে শপথবাক্য পাঠ করাবেন। এসময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। শপথ গ্রহণের পর থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এছাড়া, ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। ২০২৪ সালের ১২ আগস্ট তাঁকে আপিল বিভাগের বিচারপতি হিসেবেও পদোন্নতি দেওয়া হয়।

উল্লেখ্য, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল তাঁর চাকরির মেয়াদ ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেছেন।