বলিপাড়ায় আজও চর্চিত নানা ও মনীষার প্রেমকথা
ছবি- সংগৃহীত
বলিউডের অত্যন্ত চর্চিত এবং ভিন্নধারার অভিনেতা নানা পাটেকরের অভিনয় জীবন যতটা সফল, তার ব্যক্তিগত জীবনও ঠিক ততটাই আলোচনা ও গুঞ্জনে ভরা। নব্বইয়ের দশকে অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি বলিপাড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিল। দুজনের মধ্যকার বয়সের ব্যবধান এবং জটিল জীবনের নানা ঘটনাপ্রবাহ এই প্রেমকাহিনিকে এক ভিন্ন মাত্রা দিয়েছিল।
সম্পর্কের নানান টানাপোড়েন আজও বলিউডপ্রেমীদের মধ্যে কৌতূহল জাগায়।
ব্যক্তিগত জীবনে নানা পাটেকর ১৯৭৮ সালে নীলকান্তিকে বিয়ে করেন। পরবর্তী সময়ে বৈবাহিক সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় দীর্ঘ সময় আলাদা থাকলেও তাদের মধ্যে কোনো আইনগত বিচ্ছেদ ঘটেনি। এই পরিস্থিতির মধ্যেই মনীষা কৈরালার সঙ্গে নানার ঘনিষ্ঠতার খবর বিনোদনমাধ্যমে প্রকাশ পেতে শুরু করে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তাদের সম্পর্ক অত্যন্ত গভীর হলেও কখনো তা প্রকাশ্যে রূপ পায়নি।
পেশাগত সম্পর্ক পেরিয়ে ব্যক্তিগত জীবনে তাদের এই ঘনিষ্ঠতা দীর্ঘদিন ধরে সংবাদ শিরোনামে ছিল। তবে শেষ পর্যন্ত তা বেশিদিন স্থায়ী হয়নি এবং পরবর্তীতে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের স্পষ্ট কারণ খোলসা করেননি।