সংবাদ শিরোনাম

পাঁচ বছর কারাভোগ শেষে যুক্তরাষ্ট্রে কিউবান শিল্পী

 প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

পাঁচ বছর কারাভোগ শেষে যুক্তরাষ্ট্রে কিউবান শিল্পী

আন্তর্জাতিক ডেস্ক:

পাঁচ বছর কারাভোগের পর কিউবার আলোচিত শিল্পী ও সরকারবিরোধী কর্মী লুইস ম্যানুয়েল ওতেরো আলকান্তারা যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। দেশ ছেড়ে তিনি নির্বাসিত জীবন শুরু করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলকান্তারার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি কিউবা সরকারের কাছে দেশটিতে আটক ৭০০-র বেশি রাজনৈতিক বন্দির অবিলম্বে মুক্তি দাবি করেন।

৩৮ বছর বয়সী আলকান্তারাকে জাতীয় প্রতীক অবমাননা, আদালত অবমাননা এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

তিনি কিউবার সান ইসিদ্রো আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা। শিল্পী ও বুদ্ধিজীবীদের এই আন্দোলন দেশে মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার সম্প্রসারণের দাবি জানিয়ে আসছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষ্য অনুযায়ী, আন্দোলনের সদস্যরা দীর্ঘদিন ধরে কিউবা সরকারের দমন-পীড়নের ধারাবাহিক শিকার।

মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ‘একটি স্বাধীন কিউবার স্বপ্ন দেখার সাহস দেখিয়েছিলেন বলেই লুইস ম্যানুয়েল ওতেরো আলকান্তারাকে বারবার হয়রানি, আটক এবং কারাবন্দি হতে হয়েছে। এখন তিনি নির্বাসনে।’

রুবিও আরও বলেন, কিউবায় অন্যায়ভাবে আটক ৭০০-র বেশি রাজনৈতিক বন্দিকে দ্রুত মুক্তি দিতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে দেশটির শত শত রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানিয়ে আসছে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। এ সপ্তাহেই যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় কিউবার পর্যটন মন্ত্রণালয় এবং দেশটির পর্যটন খাতসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এই খাতকে কিউবার অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎস হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের আরোপিত তেল অবরোধের কারণে কিউবার জ্বালানি অবকাঠামো মারাত্মক সংকটে রয়েছে। বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ায় দেশটির লাখো মানুষ ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়ছেন।

রুবিও বলেন, ‘ট্রাম্প প্রশাসন কিউবার জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রাখবে।’

সূত্র: আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement