সংবাদ শিরোনাম

পরিবর্তন ও শান্তি চায় মানুষ: নরসিংদীতে তারেক রহমান

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন   |   ঢাকা

পরিবর্তন ও শান্তি চায় মানুষ: নরসিংদীতে তারেক রহমান

ঢাকা, ২৩ জানুয়ারি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ পরিবর্তন প্রত্যাশা করছে এবং শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়।

বৃহস্পতিবার দিবাগত রাতে নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের মানুষ অতীতে যাদের দেখেছে, তাদের নতুন করে দেখার আগ্রহ নেই। বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা হলো রাজনৈতিক পরিবর্তন ও স্থিতিশীলতা।

সমাবেশ শুরুর আগেই নরসিংদীর সভাস্থলে ব্যাপক জনসমাগম ঘটে। বিকেল থেকে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। তীব্র শীত উপেক্ষা করে মধ্যরাত পর্যন্ত নেতাকর্মী ও সাধারণ মানুষ সভাস্থলে অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে তারেক রহমান মঞ্চে পৌঁছালে উপস্থিত জনতা সাড়া দেয়।

বক্তব্যে তিনি স্বাধীনতার সময়কার রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে বলেন, একটি গোষ্ঠীর অবস্থানের কারণে দেশকে বড় মূল্য দিতে হয়েছে। সে সময় জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান না নিলে বিপুল প্রাণহানি ও সামাজিক ক্ষতি হতো না বলে মন্তব্য করেন তিনি।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দেওয়া নিজের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, তার ঘোষিত পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি। শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সকল শ্রেণির মানুষকে আত্মনির্ভরশীল করে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

নরসিংদী জেলার উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতে জেলার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বিএনপির সময়েই হয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন কার্যক্রম পুনরায় চালু, কৃষি খাতের প্রসার এবং কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপনের কথাও জানান তিনি।

যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, বিএনপি তরুণদের অর্থনৈতিকভাবে সক্ষম করে গড়ে তুলতে চায়। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দেওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ে এবং আয় বৃদ্ধি পায়। বিএনপি সরকার গঠন করতে পারলে সাধারণ মানুষের জন্য এই সুযোগ সৃষ্টি করা হবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, এই কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো খাদ্য সহায়তা অথবা নগদ সহায়তা পাবে। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া মসজিদ ও মাদ্রাসাভিত্তিক ধর্মীয় সেবায় নিয়োজিত ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

বক্তব্যে তিনি একটি রাজনৈতিক গোষ্ঠীর কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং ভোটারদের উদ্দেশে আগামী ১২ ফেব্রুয়ারি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৪ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।