সংবাদ শিরোনাম

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ জরুরি

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন   |   জাতীয়

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ জরুরি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

ঢাকা প্রতিনিধি:

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা শুধু অর্থ বিনিয়োগ করেন না; এর সঙ্গে প্রযুক্তি, উদ্ভাবন, বৈশ্বিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানের কর্মপদ্ধতিও নিয়ে আসেন। দেশের তরুণ জনগোষ্ঠী, উদ্যোক্তা হওয়ার আগ্রহ এবং ক্রমবর্ধমান ডিজিটাল দক্ষতার সঙ্গে এসবের সমন্বয় ঘটাতে পারলে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে রবি আজিয়াটা পিএলসির বাংলাদেশে কার্যক্রমের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত তিন দশকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। এর প্রভাব পড়েছে মানুষের যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা, নাগরিক সেবা এবং ব্যবসা-বাণিজ্যে। প্রযুক্তির বিস্তারের ফলে দেশের অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনেও নতুন সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে হলে দেশে স্বচ্ছ, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব নীতিপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সরকার, শিল্পখাত এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নিয়মিত ও কার্যকর সংলাপের মাধ্যমে বিনিয়োগ ও উদ্ভাবনের অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড প্রযুক্তি, ডিজিটাল সেবা এবং আধুনিক ডেটা অবকাঠামোর প্রসঙ্গ তুলে ধরে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, এসব প্রযুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। গত ৩০ বছরে অর্জিত সাফল্যের ভিত্তিকে কাজে লাগিয়ে আগামী ৩০ বছরের প্রযুক্তিগত সম্ভাবনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরো পড়ুন---চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বয়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অনুষ্ঠানে আজিয়াটা গ্রুপ বারহাদের ম্যানেজিং ডিরেক্টর নিক রিজাল কামিল বলেন, ১৯৯৭ সালে একটেল হিসেবে যাত্রা শুরু করা রবি বর্তমানে বাংলাদেশের ডিজিটাল সংযোগ ও উদ্ভাবনী সেবার অন্যতম অংশীদারে পরিণত হয়েছে। বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় আজিয়াটা দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ এমদাদ উল বারী, রবি আজিয়াটা পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ শাতারাসহ আজিয়াটা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।