আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন   |   জাতীয়

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি   -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে সংশ্লিষ্ট প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলার আইন-শৃঙ্খলা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে তিনি সভায় অংশ নেন।

মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের আহ্বান

মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট হিসেবে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিস্তারের সঙ্গে বিভিন্ন ধরনের অপরাধও বাড়ছে। তাই শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদকবিরোধী জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।

কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা

কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের বিভিন্ন অংশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব সমাজের বিভিন্ন স্তরে পড়ছে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে তাদের জন্য ইতিবাচক সামাজিক ও শিক্ষামূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

জনগণের আস্থা অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজের নির্দেশ

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাই সরকারি কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শন ধারণ করে কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষায়ও গুরুত্ব

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন সুলতান সালাউদ্দিন টুকু। নদীদূষণ নিয়ন্ত্রণ, শিল্পবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।