ভুয়া নারী পরিচয়ে বন্ধুত্ব ভয়ংকর প্রতারণা, গ্রেফতার সিরিয়াল ধর্ষক

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন   |   জাতীয়

ভুয়া নারী পরিচয়ে বন্ধুত্ব ভয়ংকর প্রতারণা, গ্রেফতার সিরিয়াল ধর্ষক

ডেস্ক রিপোর্ট :

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে তরুণীদের ফাঁদে ফেলে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী জানান, অভিযুক্ত ব্যক্তি ফেসবুকে মেয়ের পরিচয়ে ভুয়া আইডি খুলে নারী কণ্ঠ নকল করে ভুক্তভোগীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। পরে কৌশলে এক নারীর মোবাইল ফোন নিজের নিয়ন্ত্রণে নিয়ে তার বন্ধু তালিকার স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রীদের টার্গেট করতেন।

পুলিশ জানায়, উপহার কিংবা পারিবারিক সাক্ষাতের প্রলোভন দেখিয়ে যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনে ডেকে এনে ভুক্তভোগীদের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হতো। এসব ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও পর্নোগ্রাফি সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার আদায় করা হতো।

গত ২০ মার্চ প্রথম এক ভুক্তভোগীকে ‘ফ্যামিলি মিট-আপ’-এর কথা বলে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ননগ্ন করে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে নিয়মিত শারীরিক সম্পর্ক ও অর্থ দিতে চাপ দেওয়া হয়।

একই কৌশলে গত ৬ এপ্রিল পোশাক ডেলিভারির কথা বলে আরেক তরুণীকে নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে ধর্ষণ ও ছিনতাই করা হয়। এছাড়া ৯ এপ্রিল আরেক নারীর শ্লীলতাহানির চেষ্টা করে তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।