সংবাদ শিরোনাম

মুম্বাইয়ে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন   |   জাতীয়

মুম্বাইয়ে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠিত

মুম্বাই (ভারত), ১৮ চৈত্র (১ এপ্রিল):

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুম্বাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী পাঁচতারকা হোটেল, তাজ প্যালেসে একটি কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহারাষ্ট্র সরকারের সচিব (রাষ্ট্রাচার, বৈদেশিক বিনিয়োগ, প্রবাসী-কল্যাণ ও প্রচার) এবং প্রধান রাষ্ট্রাচার কর্মকর্তা ড. রাজেশ গাওয়ান্ডে, আইএফএস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে প্রধান অতিথি এবং উপ-হাইকমিশনার তাদের বক্তব্য প্রদান করেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর ভাষণে উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক পারস্পরিক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে আবদ্ধ। ভ্রাতৃপ্রতিম দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিনগুলোতে আরো জোরালো ও সুদৃঢ় হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পুনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিল্পীদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

বাংলাদেশের কূটনৈতিক সংবর্ধনায় মুম্বাইয়ে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, মহারাষ্ট্র সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, মুম্বাইভিত্তিক ভারতের ব্যবসায়ী ও চেম্বার নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতের সামরিক কর্মকর্তা, মহারাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রী, শিল্পী, সাংবাদিক, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ তাদের পরিবারসহ উপস্থিত ছিলেন।