যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের জেল
ছবি-সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগের বিশেষ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঘোষণা করা এই রায়ে হত্যা, নির্যাতন ও বেআইনি আটকের মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে।
৫৮ বছর বয়সী থাচি নব্বইয়ের দশকে সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতা যুদ্ধের সময় লিবারেশন আর্মির (কেএলএ) শীর্ষ কমান্ডার ছিলেন। শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
আদালত জানিয়েছে, রাজনৈতিক ও সামরিক বিরোধীদের ওপর চলা নির্যাতনে থাচিসহ চার সাবেক কমান্ডার জড়িত ছিলেন। এই মামলায় ৩৮৫ জনকে বেআইনি আটক, ৩০৩ জনকে নির্যাতন এবং ৯৬ জনকে হত্যার ঘটনায় তাদের অপরাধী সাব্যস্ত করা হয়েছে। তবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে তাঁদের খালাস দেওয়া হয়েছে।
একই মামলায় কেএলএর অন্য তিন শীর্ষ নেতাকেও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জাকুপ ক্রাসনিচিকে ২৫ বছর, কাদরি ভেসেলিকে ১৮ বছর এবং রেক্সেপ সেলিমিকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে আসামিদের।
রায়ের খবর ছড়িয়ে পড়তেই কসোভোর রাজধানী প্রিস্টিনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। হাজারো মানুষ বড় পর্দায় রায় শুনে থাচি ও কেএলএর সমর্থনে স্লোগান দেন। কসোভোর পররাষ্ট্রমন্ত্রী রায়টিকে দেশের জন্য ক্ষতিকর বললেও সার্বিয়ার উপপ্রধানমন্ত্রী একে ন্যায়বিচারের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি বলে মন্তব্য করেছেন।
সূত্র: আলজাজিরা