সংবাদ শিরোনাম

আরামকো স্থাপনা ও সৌদি বিমানঘাঁটিতে হামলার দাবি হুতিদের

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

আরামকো স্থাপনা ও সৌদি বিমানঘাঁটিতে হামলার দাবি হুতিদের ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার সংগঠনটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে সৌদি রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আরামকোর একটি স্থাপনা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে দুটি অভিযান চালানো হয়েছে।

ইয়াহিয়া সারির ভাষ্য, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক তৎপরতা বাড়ানোর জবাবেই এসব হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, গত এক সপ্তাহে সৌদি বাহিনী ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে।

ভিডিও বার্তায় হুতি মুখপাত্র বলেন, ইয়ানবুর ওপর চালানো হামলাগুলো ছিল ‘নির্ভুল ও সরাসরি’। তাঁর দাবি, হামলার পর সেখানে বড় ধরনের আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইয়ানবু সৌদি আরবের জ্বালানি পণ্য রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। লোহিত সাগরের তীরে অবস্থিত এই বন্দর দিয়ে সৌদি জ্বালানি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। ফলে সেখানে হামলার দাবি দেশটির জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

হুতিদের দ্বিতীয় অভিযানের লক্ষ্য ছিল খামিস মুশাইত বিমানঘাঁটি। ইয়াহিয়া সারি জানান, ঘাঁটিটিতে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তাঁর দাবি, ওই হামলাও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তবে হুতিদের করা এসব দাবির সবকটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইয়েমেন যুদ্ধকে কেন্দ্র করে হুতি ও সৌদি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই পাল্টাপাল্টি হামলা চলছে। হুতিরা এর আগেও সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন বাহিনী ইয়েমেনে হুতিদের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে।

হুতিদের দাবি অনুযায়ী, ইয়ানবুর জ্বালানি অবকাঠামো ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে এবারের হামলা সেই পাল্টাপাল্টি সামরিক তৎপরতারই নতুন পর্ব।

সূত্র: সিবিএস নিউজ