বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত অন্তত দশ
ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক:
বলিভিয়ার ভিয়াচা শহরের একটি সামরিক স্থাপনায় পরপর দুটি বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এখনো সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার সামরিক স্থাপনার আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণের এলাকায় বিস্ফোরণ দুটি ঘটে। ভিয়াচা বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। আহত হয়েছেন ৬২ জন।
আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তৃতীয় মাত্রার দগ্ধ এক কিশোরীও রয়েছে।
সামরিক স্থাপনাটিতে আতশবাজি রাখা হয়েছিল বলে জানিয়েছেন পুলিশ মুখপাত্র রজার রোকা। তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি জানান, সাতজন এখনো নিখোঁজ।
বিস্ফোরণের পরও ঘটনাস্থলে তাপের উৎস রয়ে গেছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। ফলে সেখানে আবার বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা নেব্রাস্কা বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
বিস্ফোরণের অভিঘাতে আশপাশের কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জানালার কাচ ভেঙে অনেক বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো উরেন্দা এক বিবৃতিতে বলেছেন, ভিয়াচার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে বিস্ফোরণে আহত প্রায় ৫০ জন বেসামরিক মানুষ ও ছয়জন সামরিক সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিস্ফোরণের কারণ কী, পাইরোটেকনিক সামগ্রী কীভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং এ ঘটনায় কারও দায় রয়েছে কি না-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের অভিঘাতে আশপাশের ভবনের জানালা ভেঙে যাচ্ছে। আকাশে ছিটকে উঠছে ধ্বংসাবশেষ, আর সামরিক স্থাপনার ওপর থেকে ঘন কালো ধোঁয়া উঠছে।
ঘটনার পর সেখানে দমকলকর্মী, পুলিশ ও সামরিক সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সূত্র: আলজাজিরা