কিয়েভে রুশ ড্রোন হামলার জবাবের নির্দেশ জেলেনস্কির
ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলার পর রাশিয়ার বিরুদ্ধে ‘উপযুক্ত ও দৃশ্যমান’ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মধ্য কিয়েভে এসবিইউ সদর দপ্তর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাশিয়ার একটি ড্রোন সরাসরি এসবিইউ প্রধান ওলেক্সান্ডার পোকলাদের কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইউক্রেনের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলার সময় পোকলাদ তাঁর কার্যালয়ে ছিলেন না।
হামলার পর কিয়েভের কেন্দ্রস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে যুদ্ধের বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকোর ভাষ্য অনুযায়ী, হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন।
জেলেনস্কি জানিয়েছেন, হামলার পর তিনি পোকলাদের সঙ্গে কথা বলেছেন এবং রুশ হামলার ‘অনুরূপ’ জবাব প্রস্তুত করতে তাঁকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী এই পাল্টা জবাবে সহায়তা করবে।
এ হামলার বিষয়ে রাশিয়ার ক্রেমলিন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ একটি বিশাল ও গোপনীয় সংস্থা। রাশিয়ার ভূখণ্ডের গভীরে পরিচালিত ইউক্রেনের বেশ কিছু উচ্চাভিলাষী অভিযানে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
রুশ সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও যুদ্ধাপরাধের জন্য ইউক্রেন যাদের দায়ী করে, তাঁদের বিরুদ্ধে গোপন হত্যাকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও এসবিইউকে অন্যতম প্রধান সংস্থা হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র: রয়টার্স