লিন্ডসে ক্ল্যান্সি মামলায় রায় নিয়ে অচলাবস্থা
ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন নারী লিন্ডসে ক্ল্যান্সির মামলায় জুরি বোর্ডের বিচার-বিবেচনা বা রায় নিয়ে আলোচনা বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ও শেষ হয়নি। তাঁর আইনজীবী এক জুরির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলার পর আদালত জুরিদের দিনের জন্য ছুটি দেন। শুক্রবার টানা সপ্তম দিনের মতো তাঁরা আবার আলোচনায় বসবেন।
জুরি বোর্ডে ১১ জন ক্ল্যান্সির বিরুদ্ধে সিদ্ধান্তে একমত বলে ধারণা করা হচ্ছে, আর একজন ভিন্ন অবস্থানে রয়েছেন। তিন সন্তানকে হত্যার ঘটনায় ক্ল্যান্সি ফৌজদারি দায়ে দায়ী কি না, সে বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছেন তাঁরা।
বৃহস্পতিবারের উত্তেজনাপূর্ণ শুনানিতে ক্ল্যান্সির আইনজীবী কেভিন রেডিংটন বিচারক উইলিয়াম সুলিভানকে একজন জুরিকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেন। ওই জুরি ‘আইন মানতে বা আদালতের নির্দেশ শুনতে অস্বীকৃতি জানাচ্ছেন’ বলে অভিযোগ করেন তিনি।
এর আগে বিচারক জুরিদের ‘যৌক্তিক সন্দেহ’-এর আইনি সংজ্ঞা বুঝিয়ে দেন। রেডিংটন বলেন, আদালতের নির্দেশ উপেক্ষা করা একজন জুরির কারণে যদি অল্প সময়ের মধ্যেই মামলায় মিস্ট্রায়াল ঘোষণা করতে হয়, সেটি হবে অত্যন্ত দুঃখজনক।
ম্যাসাচুসেটসের ডাক্সবেরির নিজ বাড়ির বেসমেন্টে পাঁচ বছর বয়সী কোরা, তিন বছর বয়সী ডসন এবং আট মাস বয়সী ক্যালানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ক্ল্যান্সির বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার তিনটি মামলা রয়েছে।
ক্ল্যান্সির আইনজীবীদের দাবি, সন্তানদের হত্যার সময় তিনি প্রসব-পরবর্তী সাইকোসিসে ভুগছিলেন। ফলে নিজের কর্মকাণ্ডের জন্য তাঁকে আইনগতভাবে দায়ী করা যায় না। তবে প্রসিকিউশনের অভিযোগ, স্বামী বাড়ির বাইরে থাকার সময় ক্ল্যান্সি পরিকল্পিতভাবে সন্তানদের হত্যা করেছিলেন।
মামলার বিচারক এর আগে একাধিকবার জুরিদের সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যেতে বলেছেন, যাতে মিস্ট্রায়াল এড়ানো যায়। নয় নারী ও তিন পুরুষের এই জুরি বোর্ড ক্ল্যান্সিকে প্রথম-ডিগ্রি হত্যায় দোষী সাব্যস্ত করতে পারেন, কম শাস্তির অপরাধ-যেমন অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডে-দোষী সাব্যস্ত করতে পারেন, অথবা মানসিক অসুস্থতার কারণে তাঁকে নির্দোষ ঘোষণা করতে পারেন।
বৃহস্পতিবার প্রত্যেক জুরিকে আলাদাভাবে শপথ করানোর পর বিচারক সবাইকে একসঙ্গে ‘যৌক্তিক সন্দেহ’-এর আইনি অর্থ ব্যাখ্যা করেন। এরপর তাঁদের আবার বিচার-বিবেচনা পাঠানো হয়। পরে দিনের জন্য তাঁদের ছুটি দেওয়া হয়। প্রসিকিউশনও জুরিদের প্রশ্নের উত্তর দেওয়া এবং বিচারকের দেওয়া নির্দেশনায় আপত্তি জানায়নি।
এক জুরিকে সরিয়ে দেওয়ার অনুরোধ নাকচ করে বিচারক সুলিভান বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তিনি বলেন, ১১ জন জুরি নাকি একজন জুরির অবস্থান-কোনোটির পক্ষেই তিনি অবস্থান নিতে পারেন না। জুরিরা আদালতের নির্দেশ মেনে চলতে পারবেন কি না, তা তাঁদের জিজ্ঞাসা করা হয়েছিল এবং তাঁরা পারবেন বলে শপথ করেছেন।
ক্ল্যান্সি খালাস পেলে তাঁকে কারাগারে পাঠানোর পরিবর্তে একটি রাজ্য পরিচালিত মানসিক হাসপাতালে রাখা হবে। সেখানে নিয়মিত তাঁর অবস্থা পর্যালোচনা করে তিনি নিরাপদভাবে সমাজে ফিরতে পারবেন কি না, তা নির্ধারণ করা হবে বলে দ্য বোস্টন গ্লোব জানিয়েছে।
সূত্র: দ্য হিল