ড্রিসকলের পদত্যাগের পর ভারপ্রাপ্ত সেনাসচিব তেলে
ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে ঘোষণা করেছেন, ড্যান ড্রিসকলের পদত্যাগের পর অ্যাডাম তেলে ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব নেবেন। বর্তমানে তিনি সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ট্রুথ সোশ্যালে তেলের নিয়োগ ঘোষণা করে ট্রাম্প লিখেছেন, তিনি একজন ‘মহান দেশপ্রেমিক’ এবং সবার কাছে সম্মানিত। ট্রাম্প জানিয়েছেন, তেলে অবিলম্বে ভারপ্রাপ্ত সেনাসচিবের দায়িত্ব গ্রহণ করবেন।
সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে তেলে জনকল্যাণমূলক কাজ ও সিভিল ইঞ্জিনিয়ারিং কার্যক্রম তদারক করতেন। আর্মি কোর অব ইঞ্জিনিয়ার্সের আওতাধীন নৌপথ, বন্দর ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নিয়ে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার বাস্তবায়নেও তিনি কাজ করেছেন।
ড্রিসকল ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে চলা অভ্যন্তরীণ বিরোধের পর চলতি সপ্তাহে তিনি সেনাসচিবের পদ ছাড়েন।
ড্রিসকলের পদত্যাগের মধ্য দিয়ে সেনাবাহিনীতে নিজের নীতির প্রভাব বাড়ানোর হেগসেথের প্রচেষ্টাও সামনে এসেছে। সম্প্রতি পেন্টাগনের প্রধান কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন। তাঁদের মধ্যে সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ এবং ইউএস আর্মি ইউরোপ অ্যান্ড আফ্রিকার কমান্ডার জেনারেল ক্রিস ডনাহুও রয়েছেন।
মঙ্গলবার রাতে ড্রিসকল তাঁর পদত্যাগের বিষয়ে প্রথমবার মুখ খোলেন। তিনি জানান, বুধবারই সেনাসচিব হিসেবে তাঁর শেষ পূর্ণ কর্মদিবস হবে। তবে কেন তিনি পদ ছাড়ছেন, সে বিষয়ে কোনো কারণ জানাননি।
ড্রিসকল বলেন, তৃতীয় প্রজন্মের সেনা পরিবারের সদস্য হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের অধীনে সেনাসচিব হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। সেনাসদস্য, বেসামরিক কর্মী ও তাঁদের পরিবারের সেবা ও ত্যাগের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
তেলে তাঁর কর্মজীবনের বড় অংশ কেটেছে ক্যাপিটল হিলে রিপাবলিকান সিনেটরদের হয়ে কাজ করে। সেনাবাহিনীর সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব পদে মনোনীত হওয়ার আগে তিনি টেনেসির রিপাবলিকান সিনেটর বিল হ্যাগার্টির চিফ অব স্টাফ ছিলেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের লেজিসলেটিভ অ্যাফেয়ার্স দপ্তরেও কাজ করেছেন তেলে। গত বছর সিনেটে ৭২-২২ ভোটে তিনি সিভিল ওয়ার্কস বিভাগের সহকারী সচিব হিসেবে অনুমোদন পান।
তেলের নিয়োগকে স্বাগত জানিয়ে হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘অ্যাডামের জন্য দারুণ অভিনন্দন। তিনি শক্তিশালী ও অত্যন্ত মেধাবী।’ তিনি বলেন, তেলে একজন ‘মহান দেশপ্রেমিক’ এবং মার্কিন সেনাবাহিনীর জন্য তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবেন।
সূত্র: দ্য হিল