সংবাদ শিরোনাম

মিসৌরি মানচিত্রে ট্রাম্পের ক্ষোভ, সুপ্রিম কোর্টে আপিল

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

মিসৌরি মানচিত্রে ট্রাম্পের ক্ষোভ, সুপ্রিম কোর্টে আপিল ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:
মিসৌরিতে রিপাবলিকানদের সুবিধা দিতে নতুন করে আঁকা কংগ্রেসনাল নির্বাচনী মানচিত্র আটকে দেওয়ায় অঙ্গরাজ্যটির সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি আদালতের রায়কে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।

মিসৌরি সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সর্বসম্মত রায়ে জানায়, নতুন মানচিত্রটি গত মাসের প্রাথমিক নির্বাচনে ব্যবহার করা হলেও তা কার্যকর হয়নি এবং হবে না। শরৎকালের ব্যালটে নাগরিকদের উদ্যোগে আয়োজিত গণভোটে অনুমোদন না পাওয়া পর্যন্ত নতুন সীমানা কার্যকর করা যাবে না বলে রায়ে বলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই দিনটিকে মিসৌরির ‘ন্যায়বিচারের জন্য অন্ধকার দিন’ বলে অভিহিত করেন। তিনি লেখেন, মিসৌরি সুপ্রিম কোর্ট ‘হাস্যকরভাবে’ পুরোনো মানচিত্রে ফিরে যাওয়ার পক্ষে রায় দিয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, আইন বিশেষজ্ঞদের মতে আদালতের সিদ্ধান্ত শুধু ‘ভয়াবহ’ ও ‘হাস্যকর’ নয়, ‘অসাংবিধানিক’ও। তাঁর ভাষ্য, নভেম্বরে নির্বাচন সামনে থাকায় পুরোনো মানচিত্রে ফেরার জন্য পর্যাপ্ত সময়ও থাকবে না। এতে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া আবারও ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকান-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলোকে নতুন কংগ্রেসনাল মানচিত্র তৈরিতে উৎসাহ দিয়ে আসছে ট্রাম্প ও তাঁর প্রশাসন। এর জবাবে ডেমোক্র্যাটরাও দেশজুড়ে নতুন করে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসের লড়াইয়ে নেমেছে, যার লক্ষ্য নভেম্বরে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা।

মিসৌরির আটটি প্রতিনিধি পরিষদীয় আসনের মধ্যে বর্তমানে ছয়টিই রিপাবলিকানদের দখলে। নতুন মানচিত্র কার্যকর হলে এবারের নির্বাচনে দলটি আরও একটি আসন পাওয়ার সুযোগ তৈরি হতো।

রায়ের পর মিসৌরির রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল ক্যাথরিন হানাওয়ে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, তাঁর দপ্তর অবিলম্বে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইবে। তাঁর দাবি, মিসৌরি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে রাজ্যের সব ভোটারই ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন এবং ফেডারেল আদালত তা হতে দেবে না।

অন্যদিকে, মিসৌরির ডেমোক্র্যাটিক পার্টি রাজ্য সুপ্রিম কোর্টের রায়কে ‘জনগণের বিজয়’ হিসেবে স্বাগত জানিয়েছে। দলটি বলেছে, নতুন ‘জেরিম্যান্ডার্ড’ বা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট মানচিত্র স্থগিত করে জনগণের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়েছে। নাগরিকদের স্বাক্ষর সংগ্রহ ও প্রতিরোধের প্রচেষ্টার কারণেই এই ফল এসেছে বলেও দাবি করেছে দলটি।
সূত্র: দ্য হিল