সিরিয়ায় প্রেসিডেন্টের উপদেষ্টা হলেন কুর্দি নেতা আবদি
ছবি-সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক:
কুর্দি নেতা মাজলুম আবদিকে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) বিলুপ্তি ও সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোয় একীভূত হওয়ার চুক্তির কয়েক দিন পর আবদিকে এই দায়িত্ব দেওয়া হলো।
প্রেসিডেন্ট আল-শারার স্বাক্ষরিত এক ডিক্রিতে বলা হয়েছে, ‘মুস্তাফা খলিল আবদিকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো।’ রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রকাশিত ওই ডিক্রিতে তাঁর আনুষ্ঠানিক নাম ব্যবহার করা হয়েছে।
বিভিন্ন নামে পরিচিত আবদি বহু বছর ধরে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের প্রধান ছিলেন। যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট এই বাহিনী সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রভাগে ছিল।
মঙ্গলবার আবদি এসডিএফ বিলুপ্ত করার ঘোষণা দেন। গত জানুয়ারিতে আল-শারার সঙ্গে করা একটি চুক্তির অংশ হিসেবেই কুর্দি বাহিনী এবং তাদের পরিচালিত বেসামরিক প্রশাসনকে সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত করার পর দেশটির নতুন ইসলামপন্থী কর্তৃপক্ষ পুরো দেশে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে।
কুর্দি বাহিনী ও প্রশাসনকে রাষ্ট্রের সঙ্গে একীভূত করার চুক্তিটি প্রেসিডেন্ট আল-শারার জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের যে আশা কুর্দিরা লালন করে আসছিল, তার অবসান ঘটেছে।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম বারাক মঙ্গলবার বলেন, ‘এটাই প্রকৃত একীভূতকরণের চিত্র।’ তাঁর ভাষায়, ভিন্ন মতাদর্শ ও অবস্থানের সাবেক প্রতিপক্ষরা কূটনৈতিক সমাধান তৈরির মাধ্যমে সিরিয়ার সার্বভৌম রাষ্ট্রকে শক্তিশালী করছে।
আবদিসহ কুর্দিদের গুরুত্বপূর্ণ অংশীদারদের সরকারে ‘অর্থবহ দায়িত্ব’ দেওয়ার বিষয়টি তাঁদের নেতৃত্ব, ত্যাগ এবং আঞ্চলিক স্থিতিশীলতায় অবদানের যথাযথ স্বীকৃতি বলেও মন্তব্য করেন বারাক। তবে আবদি ঠিক কোন দায়িত্ব পাবেন, সে বিষয়ে তখন তিনি কিছু জানাননি।
মঙ্গলবার আবদি বলেন, এসডিএফ বিলুপ্ত করার সিদ্ধান্ত এসেছে তাদের বাহিনীকে সিরীয় সেনাবাহিনীর বিভিন্ন ব্রিগেডে একীভূত করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের উদ্যোগে এসডিএফ গঠিত হয়। উত্তর সিরিয়ার কোবানিতে দায়েশকে পরাজিত করতে কুর্দি যোদ্ধাদের ভূমিকা দেখে ওয়াশিংটন তাদের ওপর আস্থা রাখে এবং জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে চলমান লড়াইয়ে তাদের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে গড়ে তোলে।
সিরিয়ার গৃহযুদ্ধের সময় দায়েশের বিরুদ্ধে লড়াই করে কুর্দিরা উত্তর ও উত্তর-পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নেয়। পরে ওই অঞ্চলে গড়ে ওঠা আধা-স্বায়ত্তশাসিত প্রশাসনের কার্যত সামরিক বাহিনীতে পরিণত হয় এসডিএফ।
তবে চলতি বছরের জানুয়ারিতে সিরীয় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কুর্দিরা উল্লেখযোগ্য পরিমাণ ভূখণ্ড হারানোর পর আবদি একীভূতকরণ চুক্তিতে সই করেন। একই সময়ে কুর্দিদের দীর্ঘদিনের সমর্থক যুক্তরাষ্ট্রও দামেস্কের নতুন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছিল।
ওই সংঘাতের সময় আল-শারা একটি ডিক্রি জারি করে কুর্দিদের জাতীয় অধিকার স্বীকৃতি দেন এবং কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেন। ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর এটি ছিল কুর্দিদের অধিকার স্বীকৃতির ক্ষেত্রে নজিরবিহীন পদক্ষেপ।
গত সপ্তাহে আবদি জানান, কুর্দি প্রশাসনকে সিরীয় রাষ্ট্রের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে তিনি বলেন, সংবিধানে কুর্দি জনগণের অধিকার সুদৃঢ় করার লড়াই অব্যাহত থাকবে।