নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি, শোক রাষ্ট্রপতির

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি, শোক রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক:

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের জনগণের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এর আগে বুধবার (২৬ আগস্ট) নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্যোগের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালের প্রয়োজন হলে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

এদিকে নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬২ জনে পৌঁছেছে। ভয়াবহ এই দুর্যোগে এখনো প্রায় ৪০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন বলে জানা গেছে।

আকস্মিক বন্যার পানিতে নেপালের তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি, সড়ক ও অন্যান্য অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

প্রাকৃতিক দুর্যোগে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় নেপালের পাশে থাকার বার্তা দিয়েছে বাংলাদেশ। প্রয়োজন অনুযায়ী উদ্ধার ও মানবিক সহায়তায় সহযোগিতার প্রস্তুতিও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।