সিরিয়ার সেনাবাহিনীতে মিশে বিলুপ্ত কুর্দি বাহিনী
ছবি-সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে। দামেস্কের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে সিরিয়ার সেনাবাহিনীতে একীভূত হওয়ার পর স্বাধীন সামরিক বাহিনী হিসেবে তাদের কার্যক্রমও শেষ হলো।
মঙ্গলবার সন্ধ্যায় দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে টেলিভিশনে দেওয়া ভাষণে এসডিএফের প্রধান মাজলুম আবদি বলেন, ‘আজ আমরা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মিশনের সমাপ্তি ঘোষণা করছি এবং স্বাধীন সামরিক বাহিনী হিসেবে এর বিলুপ্তি ঘোষণা করছি।’
একসময় সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কার্যত স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ন্ত্রণ করত এসডিএফ। তবে গত জানুয়ারিতে সরকারি বাহিনীর অভিযানে তারা ওই অঞ্চলের বেশির ভাগ এলাকা হারায়। এরপরই সিরিয়ার সেনাবাহিনীতে যুক্ত হওয়ার বিষয়ে দামেস্কের সঙ্গে চুক্তি করে কুর্দি নেতৃত্বাধীন এই বাহিনী।
সিরিয়ায় আইএসআইএল বা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে এসডিএফ ছিল যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদার। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। ওয়াশিংটন দামেস্কের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে ওই সরকারই আসাদকে উৎখাতকারী বিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছিল।
মাজলুম আবদি বলেন, ‘আজ আমরা সিরিয়ার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে শান্তি, স্থিতিশীলতা ও পুনর্গঠনের নতুন অধ্যায় শুরু করছি।’
তিনি বলেন, যুদ্ধক্ষেত্র থেকে নির্মাণকাজে এবং অস্ত্রের যুগ থেকে শান্তির যুগে যাওয়ার সূচনা হোক এই দিনটি।
কুর্দি ভাষায় শিক্ষার অধিকার
সামরিক সমঝোতার পাশাপাশি কুর্দিদের সাংস্কৃতিক অধিকার নিয়েও কথা বলেছেন আবদি। তিনি জানান, প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কুর্দি ভাষায় শিক্ষার অধিকার সংরক্ষণের বিষয়টি স্বীকার করেছেন।
চলতি বছরেই কুর্দি ভাষায় শিক্ষা চালুর বিষয়টি বাস্তবায়নে কাজ করার কথাও জানান তিনি।
আবদি বলেন, কুর্দি, আরব, তুর্কমেন ও আসিরীয়-সব জনগোষ্ঠীর জন্য নতুন সিরিয়া গড়ে তুলতে চান তারা। তাঁর ভাষায়, সেই সিরিয়া হবে ঐক্যবদ্ধ ও স্থিতিশীল, যেখানে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এবং তরুণেরা মর্যাদাপূর্ণ জীবন পাবে।
যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া-ইরাকবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক এসডিএফকে সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সুশৃঙ্খলভাবে একীভূত করার পথ তৈরি হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন।
এক্সে দেওয়া এক পোস্টে ব্যারাক বলেন, শিক্ষায় কুর্দি ভাষার স্বীকৃতি এবং মাজলুম আবদি ও ইলহাম আহমেদের জন্য সিরীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করা তাদের নেতৃত্ব, কুর্দি অংশীদারদের ত্যাগ এবং আঞ্চলিক স্থিতিশীলতায় তাদের অবদানকে যথাযথ মর্যাদা দিয়েছে।
দামেস্ক-ওয়াশিংটন সম্পর্কেও নতুন অধ্যায়
এসডিএফের বিলুপ্তির ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দেওয়ার এক দিন পর। কয়েক দশক ধরে বহাল থাকা এই তালিকাভুক্তির কারণে সিরিয়ার ওপর কঠোর অর্থনৈতিক বিধিনিষেধ ছিল।
আসাদ সরকারের পতনের পর দামেস্ক ও ওয়াশিংটনের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ধারাবাহিকতায় সিরিয়াকে ওই তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সিরিয়া একটি ‘অন্ধকার দাগ’ ঝেড়ে ফেলেছে এবং অতীতের বেদনাদায়ক একটি অধ্যায় ছিন্ন করে উন্নয়ন, পুনর্গঠন ও নতুন করে গড়ে ওঠার পথে যাত্রা শুরু করেছে।
সূত্র: আলজাজিরা