আমাজনে তেল: অর্থনৈতিক সম্ভাবনা নাকি পরিবেশের জন্য নতুন হুমকি?

ব্রাজিলের আমাপা উপকূলের গভীর সমুদ্রে হাইড্রোকার্বনের সন্ধান ঘিরে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি পরিবেশগত ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ।

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

আমাজনে তেল: অর্থনৈতিক সম্ভাবনা নাকি পরিবেশের জন্য নতুন হুমকি? ব্রাজিলের আমাপা উপকূলে গভীর সমুদ্রে তেল অনুসন্ধান

শাহনূর রুমেন | সাও পাওলো, ব্রাজিল

ব্রাজিলের আমাপা উপকূলের গভীর সমুদ্রে হাইড্রোকার্বনের সন্ধান পাওয়ার পর দেশটিতে নতুন করে শুরু হয়েছে অর্থনৈতিক সম্ভাবনা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে বিতর্ক।

রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস জানিয়েছে, আমাপা উপকূল থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠের প্রায় ২ হাজার ৮৮৬ মিটার গভীরে মর্ফো অনুসন্ধানী কূপে হাইড্রোকার্বনের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এটি এখনো বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য বড় তেলক্ষেত্র হিসেবে নিশ্চিত হয়নি। আরও অনুসন্ধান ও মূল্যায়ন প্রয়োজন।

ব্রাজিল সরকারের কাছে সম্ভাব্য এই জ্বালানি সম্পদ দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে দেশটির বর্তমান তেল উৎপাদনের বড় অংশ গভীর সমুদ্রের প্রি-সল্ট অঞ্চলের ওপর নির্ভরশীল হওয়ায় নতুন উৎস খোঁজা পেট্রোব্রাসের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

তবে পরিবেশবাদীদের উদ্বেগও তীব্র। আমাজন অববাহিকার উপকূলীয় সামুদ্রিক অঞ্চল জীববৈচিত্র্যে সমৃদ্ধ। সেখানে তেল অনুসন্ধান বা ভবিষ্যতে দুর্ঘটনা ঘটলে সামুদ্রিক পরিবেশ ও উপকূলীয় জনগোষ্ঠীর ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করছেন পরিবেশকর্মীরা।

প্রেসিডেন্ট লুলা দা সিলভার সরকারের সামনে তাই তৈরি হয়েছে কঠিন সমীকরণ—একদিকে অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা, অন্যদিকে আমাজন ও সামুদ্রিক পরিবেশ রক্ষা।


তবে একটি বিষয় স্পষ্ট করা জরুরি—তেল অনুসন্ধানের স্থানটি আমাজন রেইনফরেস্টের ভেতরে নয়; এটি আমাপা উপকূলের গভীর সমুদ্রে। আমাজন অববাহিকার সঙ্গে এর ভৌগোলিক ও পরিবেশগত সম্পর্ক থাকার কারণেই বিষয়টি এত গুরুত্বপূর্ণ।

এই আবিষ্কার শেষ পর্যন্ত বড় বাণিজ্যিক তেলক্ষেত্রে রূপ নেবে কি না, তা নির্ভর করছে পরবর্তী অনুসন্ধান ও পরিবেশগত মূল্যায়নের ওপর। কিন্তু এরই মধ্যে ব্রাজিলের সামনে প্রশ্নটি স্পষ্ট হয়ে উঠেছে—অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নতুন তেল, নাকি জলবায়ু ও পরিবেশ রক্ষায় আরও সতর্কতা?