দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর বি-১ ও বি-২ ভিসা বাতিলের প্রস্তুতি
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের ভিসা বাতিলের প্রস্তুতিআন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা আবেদন করার প্রক্রিয়ায় রয়েছেন—এমন সর্বোচ্চ দুই লাখ বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সরকার। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা হতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি এবং দুজন মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে সোমবার প্রতিবেদনটি প্রকাশ করেছে এপি।
কয়েক সপ্তাহের মধ্যে আসতে পারে ঘোষণা
পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ঘোষণা দিতে পারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। পুরো কার্যক্রমে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) সমন্বয় করবে বলে জানা গেছে।
পরিকল্পনার আওতায় ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে দেওয়া বি-১ ও বি-২ ভিসাধারীদের লক্ষ্য করা হবে। যারা স্বল্পমেয়াদি ব্যবসায়িক বা পর্যটন ভ্রমণের কথা বলে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেছেন কিংবা বর্তমানে আশ্রয়ের আবেদন করছেন, তাদের ভিসা বাতিল করা হতে পারে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করেছেন—এমন বিদেশিদের অস্থায়ী ভিসা শনাক্ত ও বাতিল করতে ডিএইচএসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
ভিসা বাতিল হলেও তাৎক্ষণিক বহিষ্কার নয়
কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে, ভিসা বাতিল করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে না।
যেসব ব্যক্তির আশ্রয়ের আবেদন এখনো বিচারাধীন, তাদের বেশির ভাগকে অন্য একটি অভিবাসন শ্রেণিতে নেওয়া হতে পারে। অর্থাৎ আশ্রয়ের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ব্যবসা বা পর্যটন ভিসার মর্যাদা থাকবে না।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন ব্যক্তিদের সমালোচনা করেছেন, যারা পর্যটন বা ব্যবসায়িক ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘ভিত্তিহীন আশ্রয়ের আবেদন’ নিয়ে মানুষের মধ্যে বিরক্তি তৈরি হয়েছে। তাঁর মতে, অভিবাসন আইন এড়িয়ে যাওয়ার পথ হিসেবে আশ্রয় ব্যবস্থাকে ব্যবহার করা উচিত নয়।
ভিসা নীতিতে আরও কঠোর ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর প্রশাসন ভিসা আবেদনকারীদের ওপর বিধিনিষেধ ধারাবাহিকভাবে বাড়িয়েছে।
ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য চাওয়া, ভিসা প্রক্রিয়ার জন্য বড় অঙ্কের জামানত নেওয়া এবং কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন।
গত ১৮ মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাতিল হওয়া ভিসাধারীদের মধ্যে মাতাল অবস্থায় গাড়ি চালানো, ধর্ষণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিরাও রয়েছেন।
এ ছাড়া মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন নীতির প্রকাশ্য সমালোচনা করেছেন—এমন কিছু ব্যক্তির ভিসাও বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা