ব্রিটিশ উপকূলে পরিবারের পর ছয় বছরের শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের উপকূলে সাগরে ডুবে বাবা, মা ও বোনের মৃত্যুর কয়েক দিন পর হাসপাতালে মারা গেছে ছয় বছর বয়সী ফিলিস্তিনি-ব্রিটিশ শিশু সাজা আল-খাওয়াস।
সাজাকে মঙ্গলবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সাসেক্স পুলিশ।
মঙ্গলবার সাসেক্সের শোরহ্যামে পানিতে বিপদে পড়ার পর ঘটনাস্থলেই মারা যান সাজা’র বাবা ৫৫ বছর বয়সী হাসান আল-খাওয়াস, মা ৩৭ বছর বয়সী জেইনা আলায়ন এবং ১৪ বছর বয়সী বোন সারা আল-খাওয়াস।
পরিবারটি লন্ডনে বসবাস করত। যুক্তরাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে সমুদ্রসৈকতে সময় কাটাতে তারা শোরহ্যামে গিয়েছিল।
ঘটনার তদন্ত এখনো চলছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলেই মনে করা হচ্ছে এবং এতে তৃতীয় কোনো পক্ষের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।
ব্রিটিশ সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ মঙ্গলবার ফিলিস্তিনি দূতাবাসের বরাত দিয়ে জানায়, পরিবারটির আদি নিবাস ছিল দক্ষিণ লেবাননের রশিদিয়ে শরণার্থী শিবিরে। হাসান শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে গিয়েছিলেন বলে জানা গেছে। রশিদিয়ে লেবাননের সবচেয়ে জনবহুল ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোর একটি।
ঘটনাটিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘ভয়াবহ পারিবারিক ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন।
বৃহস্পতিবার ব্রিটেনের ফিলিস্তিনি ফোরাম পরিবারটির স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করে।
এদিকে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেড়েছে। গরম থেকে স্বস্তি পেতে মানুষ সমুদ্র ও অন্যান্য জলাশয়ে ভিড় করায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে এমন দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।
সূত্র: আলজাজিরা