সংবাদ শিরোনাম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ছয় হাজার ছাড়াল

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ছয় হাজার ছাড়াল


ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, এ পর্যন্ত ৬ হাজার ১২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে সরকার পরিচালিত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে সমালোচনাও বাড়ছে।

সোমবার টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে আহত হয়ে ৬১ হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার শুরু থেকেই দুর্যোগ মোকাবিলায় ধীরগতির অভিযোগের মুখে রয়েছে। ভূমিকম্পের পর নিখোঁজ স্বজনদের খুঁজতে গিয়ে অনেক বাসিন্দা অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সহায়তা পৌঁছে দিতে সরকার ও সামরিক বাহিনী যথেষ্ট উদ্যোগ নেয়নি।

গত ২৪ জুন ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুইরা অঙ্গরাজ্য এবং রাজধানী কারাকাস।

সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মাত্র ১৬ দশমিক ৫ শতাংশ অপসারণ করা সম্ভব হয়েছে। এতে পুনর্গঠন কার্যক্রম কত দ্রুত এগোবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্বব্যাংকের এক মূল্যায়নে বলা হয়েছে, ভূমিকম্পে অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার। দুর্যোগের পর বিভিন্ন দেশ সহায়তার প্রতিশ্রুতি দিলেও সেই অর্থ কীভাবে এবং কখন ভেনেজুয়েলায় পৌঁছাবে, তা এখনো স্পষ্ট নয়।

চলতি বছরের জানুয়ারিতে সামরিক অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব বেড়েছে। মাদুরোর আমলে আরোপিত কয়েকটি মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাও এখনো বহাল রয়েছে। মানবাধিকার ও সহায়তা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দাবি, পুনর্গঠন কার্যক্রম সহজ করতে অবশিষ্ট নিষেধাজ্ঞাগুলো শিথিল বা প্রত্যাহার করা উচিত।

সূত্র: আলজাজিরা