আলজেরিয়ার কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৪ বাংলাদেশি, আরও ১০ জনের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে
অনলাইন ডেস্ক
আলজেরিয়ায় বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট
ছাড়া অবস্থানের অভিযোগে আটক হওয়া ১৪ বাংলাদেশির মধ্যে কারাভোগ শেষে চারজন দেশে
ফিরেছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তারা
বাংলাদেশে পৌঁছান।
আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে,
২০২৫ সালের ১৩ জানুয়ারি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৪ বাংলাদেশিকে আটক
করে। প্রাথমিক তদন্তে জানা যায়, তাদের অধিকাংশই মানবপাচারকারী চক্রের মাধ্যমে
অবৈধভাবে আলজেরিয়ায় প্রবেশ করেছিলেন।
আটকের খবর পাওয়ার পরপরই বাংলাদেশ
দূতাবাস আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ
শুরু করে। আটক বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করতে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়
এবং পুরো বিচারিক প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকি করা হয়।
দীর্ঘ শুনানি শেষে ২০২৬ সালের ৩০ জুন
আলজেরিয়ার একটি আদালত চার বাংলাদেশিকে কারাগার থেকে মুক্তির নির্দেশ দেন। এরপর প্রয়োজনীয়
প্রশাসনিক ও কনস্যুলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ৩০ জুলাই তাদের দেশে ফেরত পাঠানো
হয়।
দূতাবাস আরও জানিয়েছে, এখনো আটক থাকা
বাকি ১০ বাংলাদেশির দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে আলজেরিয়ার
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি তাদের
পরিবারের সদস্যদেরও আটক ব্যক্তিদের সর্বশেষ অবস্থা সম্পর্কে নিয়মিত অবহিত করা
হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বিদেশে কর্মসংস্থানের নামে মানবপাচারকারী
চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকা জরুরি। বৈধ ভিসা, ওয়ার্ক পারমিট ও সরকারি
অনুমোদিত নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করেই বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার পরামর্শ
দিয়েছেন সংশ্লিষ্টরা।