সংবাদ শিরোনাম

বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোট গঠন করল সৌদি লোহিত সাগর–বাব আল-মান্দাব নৌপথে নিরাপত্তা জোরদারই মূল লক্ষ্য

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোট গঠন করল সৌদি লোহিত সাগর–বাব আল-মান্দাব নৌপথে নিরাপত্তা জোরদারই মূল লক্ষ্য

অনলাইন ডেস্ক

লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরজুড়ে গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং নৌচলাচলের নিরাপত্তা জোরদার করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সৌদি আরব আনুষ্ঠানিকভাবে জোট গঠনের ঘোষণা দেয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলো যৌথভাবে কাজ করবে।

সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয়। একই সঙ্গে তারা লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবিও করে। এর পরিপ্রেক্ষিতেই রিয়াদের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর হিসেবে পরিচিত বাব আল-মান্দাব প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বাড়ার পর এই নৌপথের কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জোটের সদস্য দেশগুলো হলো—সৌদি আরব, বাংলাদেশ, বাহরাইন, জিবুতি, মিসর, জর্দান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সদস্য দেশগুলো সমুদ্রপথে অবাধ নৌচলাচল নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের রুট সুরক্ষিত রাখা এবং লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরে অভিন্ন নিরাপত্তা স্বার্থ রক্ষায় সমন্বিতভাবে কাজ করবে।

এদিকে, জোট গঠন উপলক্ষে রিয়াদে আয়োজিত বৈঠকে ৫১টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়। এতে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল অংশ নেয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দিয়েছে এবং আরও কয়েকটি দেশ যোগদানের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সূত্র: গালফ নিউজ