সংবাদ শিরোনাম

ফ্রান্স-স্পেনে দাবানলের তাণ্ডব, নতুন তাপপ্রবাহের আগে সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন দমকলকর্মীরা

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ফ্রান্স-স্পেনে দাবানলের তাণ্ডব, নতুন তাপপ্রবাহের আগে সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন দমকলকর্মীরা

অনলাইন ডেস্ক

ইউরোপের দুই দেশ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। এরই মধ্যে চলতি সপ্তাহে নতুন করে তীব্র তাপপ্রবাহ শুরু হওয়ার পূর্বাভাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, তাপমাত্রা আরও বেড়ে গেলে আগুন নেভানোর অভিযান অনেক বেশি কঠিন হয়ে পড়বে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাসকা সোমবার ও মঙ্গলবারকে দাবানল মোকাবিলার জন্য সবচেয়ে সংকটপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, সামনে দেশের জন্য আরও কঠিন ও জটিল দিন অপেক্ষা করছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তাদের আশঙ্কা, চলতি বছরে দাবানলে ক্ষতিগ্রস্ত ভূমির পরিমাণ অতীতের সব রেকর্ড অতিক্রম করতে পারে। তাদের মতে, আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগুনের বিস্তার নভেম্বর মাস পর্যন্তও চলতে পারে।

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমে আভিলা অঞ্চলের দাবানলকে দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে। সেখানে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। এছাড়া মাদ্রিদের আশপাশে আরও দুটি বড় দাবানলে মিলিয়ে প্রায় ৭০ হাজার হেক্টর বনাঞ্চল ধ্বংস হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলমান তাপপ্রবাহ অন্তত আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ফ্রান্সেও পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। দেশটির দমকল বাহিনীর মুখপাত্র এরিক ব্রোকার্ডি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার এই অভিযান এখন সময়ের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে ফ্রান্সের কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিরোন্দ এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ে উদ্বেগ সবচেয়ে বেশি। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস আগুনকে ‘অত্যন্ত তীব্র ও অনিশ্চিত’ বলে বর্ণনা করেছেন। দাবানল ধীরে ধীরে বোর্দো শহরের দিকে অগ্রসর হওয়ায় স্থানীয় প্রশাসন বড় ধরনের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। বোর্দোর মেয়র থমাস কাজেনভে জানিয়েছেন, পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটতে পারে, তাই সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

বোর্দো সফরকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, আগামী কয়েক সপ্তাহ দেশটির জন্য অত্যন্ত কঠিন হতে পারে। তাই সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ১৬ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে, যা আগের বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে স্পেনে আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় ১ লাখ ৭২ হাজার হেক্টর বনাঞ্চল।

Advertisement
Advertisement
Advertisement