পাকিস্তানে হামলার নিন্দা সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ায় একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে শুক্রবারের আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ হামলায় অন্তত ১৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব ধরনের সহিংসতা, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে দেশটির দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করে নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
পাকিস্তানের কর্মকর্তাদের ভাষ্য, সশস্ত্র জঙ্গিদের সহায়তায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকির প্রবেশপথে হামলা চালায়। হামলার আগে জঙ্গিরা চৌকিটি দখলের চেষ্টা করে।
নিরাপত্তা বাহিনী জানায়, তারা হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং কয়েকজন হামলাকারীকে হত্যা করেছে। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে ঘটে যাওয়া অধিকাংশ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের মিত্র জঙ্গিগোষ্ঠীগুলোকে দায়ী করছে পাকিস্তান।
আফগানিস্তান সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত কয়েক বছরে জঙ্গি সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।