বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন টরন্টো, ধোঁয়ায় বিপর্যয়
আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার টরন্টো শহর ভয়াবহ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে। একসময় পরিষ্কার বাতাসের জন্য পরিচিত এই শহর এখন বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
১৬ জুলাই ২০২৬ প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম অন্টারিওর দাবানলের ধোঁয়া টরন্টোর আকাশ ঢেকে ফেলেছে। কানাডার আবহাওয়া সংস্থা এনভায়রনমেন্ট কানাডা শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স-এ ১০+, অর্থাৎ 'খুবই উচ্চ ঝুঁকি' ঘোষণা করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইস প্রতিষ্ঠান আইকিউ এয়ার জানিয়েছে, বর্তমানে বিশ্বের বড় শহরগুলোর মধ্যে টরন্টোর বাতাস সবচেয়ে বেশি দূষিত। এই তালিকায় টরন্টোর পর রয়েছে কিনশাসা (ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো) এবং নয়াদিল্লি (ভারত)। বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়াই দূষণের প্রধান কারণ, তবে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রাও পরিস্থিতিকে আরও খারাপ করেছে।
কানাডা সরকার জানিয়েছে, দেশজুড়ে বর্তমানে ৮৩৫টি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে ১১২টি নিয়ন্ত্রণের বাইরে। সবচেয়ে বেশি আগুন জ্বলছে ম্যানিটোবা, সাসকাচেওয়ান ও অন্টারিও প্রদেশে। এ পর্যন্ত প্রায় ১৯ লাখ হেক্টর এলাকা পুড়ে গেছে। অন্টারিওর আর্মস্ট্রং এলাকায় দাবানলের মধ্যে একটি কানাডিয়ান ন্যাশনাল ট্রেন আটকে পড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পরে ওই এলাকার কর্মী ও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় এবং সতর্কতামূলকভাবে রেল চলাচল বন্ধ করা হয়।
দাবানলের ধোঁয়ার প্রভাব সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রেও পৌঁছেছে। নিউইয়র্ক, পেনসিলভানিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, মেইন ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে বাতাসের মান খারাপ হয়েছে। নিউইয়র্ক সিটির কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এবং কঠোর শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, সপ্তাহের শেষ পর্যন্ত ধোঁয়ার প্রভাব থাকতে পারে।
ইউনিভার্সিটি অব টরন্টো-র অধ্যাপক গ্রেগ ইভান্স বলেছেন, একই সময়ে তীব্র গরম ও দাবানলের ধোঁয়ার মতো পরিস্থিতি ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা যেতে পারে। তাই শহর ও বাসিন্দাদের এখন থেকেই এমন দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
সূত্র:আলজাজিরা