ট্রাম্পের আজকের ভাষণ ঘিরে তুমুল জল্পনা বিশ্বজুড়ে
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে এক বিরল প্রাইমটাইম ভাষণ দিতে যাচ্ছেন। তিনি নিজেই এটিকে "খুব বড় ঘোষণা" বলে উল্লেখ করেছেন। তবে কী ঘোষণা আসছে, তা এখনো স্পষ্ট করেননি, ফলে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ভাষণের মূল বিষয় হবে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা, বিশেষ করে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং ভোটিং মেশিনের নিরাপত্তা নিয়ে প্রশাসনের দাবি। ট্রাম্প বরাবরের মতোই ২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন, যদিও এ ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ৯টা (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) হোয়াইট হাউস থেকে ভাষণ দেবেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের মাত্র সাড়ে তিন মাস আগে এই ভাষণ আসছে। তাই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনের আগে ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট এবং ৮ কোটি ১০ লাখের বেশি জনপ্রিয় ভোট পেয়ে জয়ী হন। ট্রাম্প পান ২৩২টি ইলেকটোরাল ভোট ও ৭ কোটি ৪০ লাখের বেশি ভোট। এরপর থেকেই ট্রাম্প নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে আসছেন। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন তদন্ত, আদালত এবং সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মতো কোনো জালিয়াতির প্রমাণ মেলেনি।
এদিকে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ২০২০ সালের নির্বাচন-সংক্রান্ত কিছু তদন্ত জোরদার করেছে এবং নতুন ভোটার পরিচয় যাচাই ও নির্বাচন সংস্কার উদ্যোগও সামনে এনেছে। ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, নির্বাচনের আগে ট্রাম্প এই ভাষণের মাধ্যমে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারেন। তবে হোয়াইট হাউস বলছে, নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা