সংবাদ শিরোনাম

বিশ্বমঞ্চে বাংলাদেশের দৃশ্যপট: মানবাধিকার ও ইতিহাসের নির্ভীক দলিল নির্মাতা মুনির উজ জামান

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন   |   জীবনের গল্প

বিশ্বমঞ্চে বাংলাদেশের দৃশ্যপট: মানবাধিকার ও ইতিহাসের নির্ভীক দলিল নির্মাতা মুনির উজ জামান

মুনির উজ জামান একজন আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশি ফটোসাংবাদিক ও শিক্ষক। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ মানবাধিকার, রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলী তিনি ধারাবাহিকভাবে নথিবদ্ধ করে আসছেন। বর্তমানে এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি)-এর বাংলাদেশে একমাত্র নিযুক্ত আলোকচিত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর আলোকচিত্র আন্তর্জাতিক পরিসরে ঘটনাবলী উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফটো সাংবাদিকতায় অ্যাডভান্সড ডিপ্লোমা এবং ফটোগ্রাফিতে হায়ার ডিপ্লোমা অধ্যয়নকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কাজ শুরু করেন এবং পরবর্তীতে দৃক নিউজে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশের ফটোসাংবাদিকতায় একটি শক্ত অবস্থান তৈরি করেন।

২০১২ সালে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে এমবেড হয়ে মুনির উজ জামান কাজ করেন। এছাড়া ২০১৫ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন ও পোপ ফ্রান্সিসের সফর কভার এবং ২০১৬ সালে থাইল্যান্ডের রাজা ভূমিবল ভূমিবল আদুলিয়াদেজের শোককালীন সময়ের ঘটনাবলী নথিবদ্ধ করেন। সাম্প্রতিক সময়ে (২০২৪–২০২৬) তিনি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষার্থী আন্দোলন গভীরভাবে কভার করেছেন।

দ্য নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট, টাইম ম্যাগাজিন, আল জাজিরা এবং সিএনএনসহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমে তাঁর আলোকচিত্র প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক তাসনুভা আনান শিশিরের তোলা প্রতিকৃতি টাইম ম্যাগাজিনের ২০২১ সালের সেরা ১০০ ছবির তালিকায় স্থান পায়, যা লিঙ্গ বৈচিত্র্য ও প্রতিনিধিত্ব নিয়ে বৈশ্বিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ডস,আটলান্টা ফটোজার্নালিজম সেমিনার অ্যাওয়ার্ড, ফটো উইক ওয়াশিংটন ডিসি অ্যাওয়ার্ড এবং পিকচার্স অব দ্য ইয়ার (POI)-এর মতো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তার সাম্প্রতিক সম্মাননার মধ্যে রয়েছে গোল্ডেন শট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড সম্মাননা (২০২৪-২০২৫) এবং সোপা (SOPA) অ্যাওয়ার্ডস সম্মাননা (২০২৫)।

২০১৮ সাল থেকে তিনি কাউন্টার ফটোর ফ্যাকাল্টি সদস্য হিসেবে কর্মরত, যেখানে তিনি ফটোজার্নালিজম পড়ান। নবীন আলোকচিত্রীদের মেন্টরিং করেন এবং ভবিষ্যৎ ভিজ্যুয়াল গল্পকার তৈরি করতে ভূমিকা রাখেন। এছাড়া তিনি বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

দৃক প্রেস ফটো প্রদর্শনী, দ্য গ্লাসগো গ্যালারি অব ফটোগ্রাফি সিআইসি এবং বিজেআই এমবার্ষিক প্রদর্শনীতে তাঁর কাজ প্রদর্শিত হয়েছে। এছাড়াও ফিফা বিশ্বকাপ  ২০২২ আলোকচিত্র প্রতিযোগিতায় তাঁর কাজ প্রদর্শিত হয়।

রানা প্লাজা ধস এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের মতো গুরুত্বপূর্ণ ঘটনাবলীর দীর্ঘমেয়াদী তথ্যচিত্রায়ণের মাধ্যমে তিনি নৈতিক ফটোসাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে জোরালো করতে কাজ করে যাচ্ছেন।