রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবারের ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
বাংলাদেশ বলেছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে চলমান সংকটের অবসানে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।