সেপ্টেম্বরে ৩ লঘুচাপের সম্ভাবনা, কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা
ছবি-সংগৃহীতঅনলাইন ডেস্ক:
সেপ্টেম্বর মাসে দেশে বৃষ্টিপাত
স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে মাসজুড়ে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি
মৌসুমি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ শক্তি সঞ্চয় করে
নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি ভারি বৃষ্টির কারণে দেশের কয়েকটি এলাকায়
সাময়িক বন্যা দেখা দিতে পারে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া
অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় মাসিক আবহাওয়ার
এ পূর্বাভাস তুলে ধরা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে,
সেপ্টেম্বরজুড়ে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা
বেশি থাকতে পারে। এ কারণে মাসটিতে দুই থেকে তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ
বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদদের হিসাবে, মৃদু
তাপপ্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং
মাঝারি তাপপ্রবাহে তা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
এদিকে চলতি মাসে তিন থেকে পাঁচ দিন
বজ্রঝড় হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একাধিক মৌসুমি লঘুচাপ। সম্ভাব্য এক
থেকে তিনটি লঘুচাপের মধ্যে একটি নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যার আশঙ্কা
যেসব এলাকায়
নদ-নদীর পরিস্থিতি নিয়ে আবহাওয়া
অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ
থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারি বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল
এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হতে
পারে।
এ ছাড়া মাসটিতে দেশের দৈনিক গড়
বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড়ে প্রতিদিন ৪ দশমিক ৫ থেকে ৬
দশমিক ৫ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।