সংবাদ শিরোনাম

বিশ্বব্যাংকের সঙ্গে পানিসম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন   |   জাতীয়

বিশ্বব্যাংকের সঙ্গে পানিসম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর ছবি-পিপল আহমদ

 মহানগর ডেক্স:
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো পানিসম্পদ-সংক্রান্ত ঝুঁকি ক্রমেই বাড়ছে। এসব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পানিসম্পদ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের পানি ব্যবস্থাপনায় নানা ধরনের নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। ভবিষ্যতের ঝুঁকি বিবেচনায় নিয়ে এখন থেকেই সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি জানান, দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের পাশাপাশি নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
মতবিনিময়কালে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধান জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদ খাতের উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
তিনি পানিসম্পদের সমন্বিত ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র এবং দুই পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।