খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
খুলনা ব্যুরো :
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে তিন দিনব্যাপী সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষার্থী তামান্না হোসেন মিম।
সাংস্কৃতিক সপ্তাহে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, উপস্থিত বক্তৃতা, একক ও দলগত অভিনয়, ধারাবাহিক গল্প বলা, রচনা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ইনডোর গেমও অনুষ্ঠিত হবে।
চারটি ইভেন্টের মধ্য দিয়ে এবারের সাংস্কৃতিক সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে ২০০১ সাল থেকে এ সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন করে আসছে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন।