পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর শোক
ঢাকা, ৩১ আগস্ট:
পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ তৌহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় আসাদুল হাবিব দুলু বলেন, তৌহিদুল ইসলাম জাতীয়তাবাদী আদর্শের প্রতি নিবেদিত একজন সংগঠক ছিলেন। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে তিনি পঞ্চগড়ে বিএনপিকে জনপ্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মন্ত্রী আরও বলেন, জনসেবার প্রতি তৌহিদুল ইসলামের ছিল গভীর অঙ্গীকার। তাঁর প্রতি পৌরবাসীর আস্থার প্রতিফলন ঘটেছে পাঁচবার পঞ্চগড় পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে।
তৌহিদুল ইসলামকে গণমানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, তাঁর মৃত্যু পঞ্চগড়বাসীর জন্য একটি অপূরণীয় ক্ষতি।
মৃত্যু ও পারিবারিক জীবন
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট রবিবার রাত ১০টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।