ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন   |   জাতীয়

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার   - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ আগস্ট:

সারা দেশে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করছে সরকার। ই-রিকশার নিবন্ধন, লাইসেন্সিং, ফিটনেস পরীক্ষা, চার্জিং ব্যবস্থা এবং চলাচলে শৃঙ্খলা আনতে একটি সমন্বিত কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ই-রিকশার চলাচল, নিবন্ধন ও নিয়ন্ত্রণের বিষয়ে মতামত ও সুপারিশ দেন। এর আগে অনুষ্ঠিত সভাগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

আলোচনায় নগর ব্যবস্থাপনা, যান চলাচলে শৃঙ্খলা, ই-রিকশার ফিটনেস পরীক্ষা ও প্রত্যয়ন, গ্যারেজ ব্যবস্থাপনা, চার্জিং অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মতো বিষয় গুরুত্ব পায়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ই-রিকশা ব্যবস্থাপনায় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। কার্যকরভাবে নীতিমালা বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট কমানো, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক নিরাপত্তা জোরদারে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন ব্যবস্থা চালু করা হলে ই-রিকশা খাতে শৃঙ্খলা আসবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে। পাশাপাশি ফিটনেস পরীক্ষা, চার্জিং ব্যবস্থা ও অন্যান্য কারিগরি বিষয় একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় আনা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে চলাচলরত ই-রিকশাগুলোর ফিটনেস পরীক্ষা করে প্রত্যয়ন দেওয়ার ব্যবস্থা করা হবে। এর ফলে রাস্তায় চলাচলকারী যানগুলোর নিরাপত্তা ও কারিগরি সক্ষমতা যাচাই করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ই-রিকশা ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিমালার খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। দ্রুত বিধিমালা প্রণয়ন করে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এহসান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ মতামত দেন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।