গুদামের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবা গ্রহীতাদের খাদ্য কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন   |   জাতীয়

গুদামের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবা গ্রহীতাদের খাদ্য কর্মসূচির সুবিধা নিশ্চিত করা হবে

মানিকগঞ্জ, ৩০ আগস্ট:

সরকারি খাদ্য কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত সেবাগ্রহীতাদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে খাদ্যগুদামকেন্দ্রিক অনিয়ম ও সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার সদর এলএসডির বেউথা ক্যাম্পাস এবং সাটুরিয়া উপজেলার সাটুরিয়া এলএসডি আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী গুদামে থাকা ধান, চাল, গম ও আটার মজুত, সংরক্ষণ পদ্ধতি এবং খাদ্যশস্যের গুণগতমান সরেজমিনে দেখেন। পাশাপাশি গুদামের ব্যবস্থাপনা ও খাদ্যশস্য নিরাপদে সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

আফরোজা খানম রিতা বলেন, যেকোনো সময় প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো সংকট দেখা দিতে পারে। সে পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় খাদ্যশস্য মজুত রাখা হচ্ছে।

তিনি বলেন, খাদ্যগুদামে পর্যাপ্ত মজুত রয়েছে কি না এবং সংরক্ষিত খাদ্যশস্য নিরাপদ ও মানসম্মত অবস্থায় আছে কি না, তা নিশ্চিত করা তার অন্যতম প্রধান দায়িত্ব। এ কারণে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদাম পরিদর্শন করা হবে।

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে সংরক্ষিত ধান, গম ও আটার মান সন্তোষজনক। দেশের অন্যান্য জেলাতেও চাহিদা অনুযায়ী খাদ্য মজুত রয়েছে বলে জানান তিনি।

দুর্যোগ বা সংকটের সময় দ্রুত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি জেলার প্রয়োজন অনুযায়ী মজুত গড়ে তোলা হচ্ছে বলেও জানান খাদ্যমন্ত্রী। তার দাবি, বর্তমানে দেশের কোনো জেলায় খাদ্য সংকট নেই এবং প্রয়োজন অনুযায়ী ধান, চাল, গমসহ অন্যান্য খাদ্যশস্য সুশৃঙ্খলভাবে সরবরাহের সক্ষমতা রয়েছে।

খাদ্যগুদামে অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা খাদ্যশস্যের মান নিয়ে কোনো সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, গুদাম ব্যবস্থাপনায় অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে অনিয়ম শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, খাদ্যশস্য সংরক্ষণ ও সরকারি খাদ্য কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। গুদামকেন্দ্রিক সিন্ডিকেটের কারণে যেন প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত না হন, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।