ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি ও স্বচ্ছতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ভূমিমন্ত্রী

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন   |   জাতীয়

ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি ও স্বচ্ছতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ভূমিমন্ত্রী

ঢাকা, ৩০ আগস্ট:

বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)সহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

রোববার (৩০ আগস্ট) ঢাকায় ভূমি মন্ত্রণালয়ে নিজের দপ্তরে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজের সঙ্গে বৈঠককালে তিনি এ গুরুত্বারোপ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, ওয়ান-স্টপ সার্ভিস চালু এবং সেবার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনডিপিসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। এ জন্য ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও গবেষণায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনা ইউএনডিপির আবাসিক প্রতিনিধির কাছে তুলে ধরেন। তিনি বলেন, ভূমিসেবা ডিজিটালাইজেশনের ফলে সাধারণ মানুষ আরও সহজে সরকারি সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও কমছে।

বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এগিয়ে নেওয়া, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়াকে ইউএনডিপি গর্বের বিষয় হিসেবে দেখে। সরকার, জনগণ, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বিদ্যমান অর্জন ধরে রাখার পাশাপাশি মানুষের কল্যাণে নতুন ও টেকসই সমাধান তৈরিতে ইউএনডিপি কাজ করবে।

জাতীয় থেকে জানতে আরো পড়ুন---