কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গুলিবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন   |   জাতীয়

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গুলিবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনায় মোজাহেদ নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা তাহেরা বেগমসহ আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে কুতুপালং ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উখিয়ায় দায়িত্বপ্রাপ্ত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক পুলিশ সুপার আসাদুজ্জামান।

ক্যাম্পের বাসিন্দাদের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎ করে একের পর এক গুলির শব্দ শোনা যায়। স্থানীয়দের হিসাবে, শতাধিক গুলির শব্দে পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় অনেক বাসিন্দা ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

গোলাগুলির মধ্যে মাথায় গুলিবিদ্ধ হয় শিশু মোজাহেদ। সে ওই ক্যাম্পের বাসিন্দা নূর আলমের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে সংঘর্ষ থেকেই এই গোলাগুলির সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঘটনার সঠিক কারণ এবং এতে কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ক্যাম্প এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।