৮৯ বছর বয়সে মারা গেলেন নরওয়ের রাজা হারাল্ড
আন্তর্জাতিক ডেস্ক:
নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম আর নেই। ৮৯ বছর বয়সে শুক্রবার
সকালে অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। স্থানীয়
সময় সকাল ৬টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয় বলে রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে
জানানো হয়েছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ
কিছুদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রাজা হারাল্ড। গত আগস্টের মাঝামাঝি
সময়ে তিনি বিরল রক্তজনিত রোগ হিমোলিটিক
অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর থেকেই
চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।
বয়সজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণে সাম্প্রতিক
বছরগুলোতে রাজকীয় দায়িত্ব পালনের পরিমাণ কমিয়ে দিয়েছিলেন হারাল্ড। তবে সিংহাসন
ছাড়ার কোনো পরিকল্পনা তার ছিল না। বরং জীবনের শেষ দিন পর্যন্ত রাজা হিসেবে দায়িত্ব
পালনের অঙ্গীকারের কথা তিনি বিভিন্ন সময়ে জানিয়েছিলেন।
১৯৯১ সালে সিংহাসনে বসার পর থেকে নরওয়ের সাংবিধানিক
রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রাজা হারাল্ড। তার দীর্ঘ রাজত্বের
অবসানের পর নিয়ম অনুযায়ী সিংহাসনে বসবেন তার ছেলে ক্রাউন প্রিন্স হাকন।
রাজা হারাল্ডের মৃত্যুর সময় তার স্ত্রী রানি সোনজা এবং ছেলে
ক্রাউন প্রিন্স হাকন হাসপাতালে তার পাশে ছিলেন বলে রাজপ্রাসাদের বিবৃতিতে জানানো
হয়েছে।
নরওয়ের
রাজপরিবারে হারাল্ডের মৃত্যুতে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। তার দীর্ঘ শাসনামল
দেশটির আধুনিক রাজতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।