১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন   |   জাতীয়

১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক: 

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৈঠকে চলমান অধিবেশনের কর্মসূচি, বিভিন্ন বিলের অগ্রগতি এবং জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য সময় বরাদ্দসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সরকারি ছুটির দিনগুলো এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর বাদে নির্ধারিত দিনগুলোতে অধিবেশন বিকেল ৩টায় শুরু হবে। তবে প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় অধিবেশনের সময়সূচি কিংবা কার্যদিবসে পরিবর্তন আনার এখতিয়ার স্পিকারের থাকবে।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অংশ নেন। এ সময় অধিবেশনে উত্থাপিত ও পাসের অপেক্ষায় থাকা বিভিন্ন বিল এবং জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া আগামী এক বছরে জাতীয় সংসদের সম্ভাব্য অধিবেশনগুলো কখন অনুষ্ঠিত হতে পারে এবং প্রতিটি অধিবেশনের সম্ভাব্য মেয়াদ কত হবে, সে বিষয়ে একটি প্রাথমিক পরিকল্পনাও তৈরি করেছে সংসদ কার্য উপদেষ্টা কমিটি।

চলমান অধিবেশনকে কেন্দ্র করে সংসদে বিপুলসংখ্যক প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮১৮টি।

এ ছাড়া সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের জন্য ৮১টি নোটিশ জমা পড়েছে। পাশাপাশি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনার জন্য পাওয়া গেছে ২৪৯টি নোটিশ।

সংসদ কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।