কপ-৩১ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীতঅনলাইন ডেস্ক:
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী
নভেম্বরে তুরস্ক সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের
জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে
তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠককালে এ তথ্য জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের
প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দুই দেশের
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ
প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অগ্রগতি
নিয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি
কূটনৈতিক যোগাযোগ জোরদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও বিস্তৃত
করার বিষয়ে দুই দেশের অভিন্ন আগ্রহের কথা উঠে আসে।
আলোচনায় দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে
নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের
নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি জলবায়ু ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও স্বার্থ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।