স্বচ্ছ নিয়োগে মেধাবীদের সুযোগ, ভূমি সেবায় ডিজিটাল ব্যবস্থায় জোর
ঢাকা, ২৭ আগস্ট ২০২৬:
ভূমি মন্ত্রণালয়ে জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেছেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া তরুণ কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে নিয়োগ প্রক্রিয়ার এই স্বচ্ছতার মর্যাদা রক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সিনিয়র সচিব বলেন, তাদের নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে মেধাবী তরুণরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে দেশসেবার সুযোগ পেয়েছেন। এখন কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তাদের এই আস্থার প্রতিদান দিতে হবে।
দুর্নীতিমুক্ত ভূমি সেবায় ডিজিটাল ব্যবস্থার ওপর গুরুত্ব
ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন জটিলতা তুলে ধরে এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি ব্যবস্থাপনা দীর্ঘদিনের আইন, মালিকানা ও প্রশাসনিক পরিবর্তনের কারণে একটি জটিল ক্ষেত্র। নাগরিকদের হয়রানি কমানো এবং সেবা সহজ করতে প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, ভূমি সেবাকে ক্রমেই ডিজিটাল করা হচ্ছে। এর ফলে নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য অফিসে বারবার যেতে হবে না; ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।
সিনিয়র সচিব জানান, ভূমি সেবা আরও সহজলভ্য করতে ২৪ ঘণ্টার কলসেন্টার সেবা চালু রয়েছে। নাগরিকরা ১৬১২২ নম্বরে যোগাযোগ করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের জন্যও +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে সেবা নেওয়ার সুযোগ রয়েছে।
জেলা পর্যায়ে ভূমি সেবা কেন্দ্র সম্প্রসারণ
নাগরিকদের দ্রুত ও সহজে ভূমি-সংক্রান্ত সহায়তা দিতে জেলা পর্যায়ে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ (LSFC) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
একই সঙ্গে দেশের সব জেলা কার্যালয়ে ভূমি সেবা কেন্দ্র স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের ভোগান্তি আরও কমবে বলে আশা করা হচ্ছে।
সিনিয়র সচিব বলেন, সরকারের লক্ষ্য ভূমি ব্যবস্থাকে ধাপে ধাপে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত করা। প্রযুক্তিনির্ভর এবং স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে যারা ছিলেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাং শওকত রশীদ চৌধুরী।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ-আল বাকী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।