স্থানীয় সরকারের সব সরকারি ভবনের ছাদে বসবে সোলার প্যানেল

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন   |   জাতীয়

স্থানীয় সরকারের সব সরকারি ভবনের ছাদে বসবে সোলার প্যানেল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ ঢাকায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়
মহানগর প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ব্যয় কমাতে ধাপে ধাপে ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে সরকারি সেবা অবকাঠামোকে আরও সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করার লক্ষ্য নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত পৃথক দুটি সভায় এ পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ের সরকারি দপ্তর নয়, পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি কার্যালয়গুলোকেও সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একদিকে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল কমানো সম্ভব হবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়বে।

তিনি জানান, সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে নেট মিটারিং ও হাইব্রিড প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে। নেট মিটারিংয়ের আওতায় সৌর প্যানেল থেকে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। আর হাইব্রিড ব্যবস্থা ব্যবহারের ফলে প্রয়োজন অনুযায়ী সন্ধ্যার পরও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকবে।

সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান প্রতিমন্ত্রী।

বেসরকারি খাতের কারিগরি সহযোগিতা

সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বেসরকারি খাতের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নেওয়া হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরের উদ্যোগও নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সরকারি ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব উন্নয়নকে সরকার গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অগ্রাধিকার অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সরকারি ভবনের ছাদ চিহ্নিত করতে কমিটি

এর আগে গত ১৭ আগস্ট অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুটি পৃথক কমিটি গঠন করা হয়।

কমিটিগুলো নিজ নিজ বিভাগের অধীন সরকারি ভবনগুলোর মধ্যে কোন কোন ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা সম্ভব, তা যাচাই করেছে। একই সঙ্গে সম্ভাব্য স্থাপনযোগ্য ছাদের মোট আয়তন, প্রকল্প বাস্তবায়নের আনুমানিক ব্যয় এবং বাস্তবায়নের পথে সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোও পর্যালোচনা করা হয়েছে।

সভায় জানানো হয়, সরকারি অফিসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা জারি করে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির প্রতিনিধিরাও সভায় অংশ নেন।