জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ, গুরুত্ব পাচ্ছে কমিটি গঠন ও নিরাপত্তা

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন   |   জাতীয়

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ, গুরুত্ব পাচ্ছে কমিটি গঠন ও নিরাপত্তা ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক: 

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক বসার কথা রয়েছে। জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এবারের অধিবেশনকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

সংসদ সূত্রে জানা গেছে, তৃতীয় অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হবে বিভিন্ন সংসদীয় কমিটি গঠন। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, কমিটি গঠনকে এবার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের তালিকা পাওয়া গেলেই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে।

অধিবেশনের সম্ভাব্য মেয়াদ প্রসঙ্গে চিফ হুইপ জানান, সাধারণত পাঁচ থেকে ১০ দিন পর্যন্ত অধিবেশন চলতে পারে। তবে সংসদের কার্যক্রম ও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে অধিবেশনের সময়সীমা বাড়ানো হতে পারে।

এদিকে অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর ও সংসদ ভবনের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সভা-সমাবেশ, মিছিল এবং যেকোনো ধরনের বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদ অধিবেশন চলাকালে সংসদীয় নিরাপত্তাবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা, সংসদীয় কমিটি গঠন এবং আইন প্রণয়নসংক্রান্ত কার্যক্রমের কারণে এবারের অধিবেশন বিশেষ গুরুত্ব বহন করছে। একই সঙ্গে সংসদ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকায় অধিবেশন ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতাও থাকবে চোখে পড়ার মতো।