দৌলতপুরের চিহ্নিত সন্ত্রাসী মমিসহ গ্রেপ্তার ৪
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার ২৬ আগস্ট সকাল ৬টা ৫০ মিনিটে নগরীর দৌলতপুর থানার দত্তবাড়ি এলাকার তরুণ সেনা রোডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল দত্তবাড়ি এলাকার জাফর শেখের টিনশেড ভাড়াটে শিপার সরদারের ঘরে অভিযান চালায়। সেখান থেকে মমি ও তাঁর সহযোগীদের আটক করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন মৃত শামীম জমাদ্দারের ছেলে ও আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহিদা বেগমের নাতি মো. মেহেদী হাসান মমি (২৩), নাসির উদ্দিনের ছেলে জামিল হোসেন (৩০) এবং বিমল রায়ের ছেলে সুজয় রায় (২৫)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারজনকে গ্রেপ্তার করা হলেও অপর একজনের নাম উল্লেখ করা হয়নি।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পূর্ববর্তী অপরাধসংক্রান্ত রেকর্ড (পিসি-পিআর) পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের খুলনা মহানগর পুলিশের দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।